বাংলায় কবে আছড়ে পড়তে পারে কোভিডের থার্ড ওয়েভ, কি বলছে বিশেষজ্ঞরা
দি নিউজ লায়ন; বাংলায় দ্বিতীয় ঢেউয়ের বিভীষিকার মাঝেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞদের মতে, আগষ্ট মাসের শেষ দিকেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ । এছাড়াও বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউয়ে শুধুমাত্র শিশুরাই বেশী আক্রান্ত হবে না, আক্রান্ত হবেন প্রাপ্তবয়স্করাও। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের বৈঠকে এমন কথাই শোনালেন বিশেষজ্ঞ কমিটির চিকিতসকেরা। তাদের মতে এখন থেকেই কড়াভাবে করোনা বিধি না মানলে এবং গণপরিবহন পুরোমাত্রায় চালু হয়ে গেলে আগষ্টের শেষ থেকেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করবে বাংলার বুকে।
চলতি বছরের গত এপ্রিল মাসের শেষ ও মে মাসে বাংলায় করোনা আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্সে দেখা গিয়েছে, ৯৪টি নমুনার মধ্যে ৮৭টি মহারাষ্ট্রের স্ট্রেন। তবে ইতিমধ্যেই পশ্চিমবাংলায় করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় দশ জন চিকিতসকের বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিশেষ করে শিশুদের চিকিৎসার জন্যও হয়েছে কমিটি। আপাতত ভারতের মহারাষ্ট্রে তৃতীয় ঢেউ কবে আসছে, সে দিকে নজর রাখা হচ্ছে। কারণ, তার কয়েক সপ্তাহ পরেই বাংলায় তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ইতিমধ্যে মহারাষ্ট্র, কর্নাটক ও মধ্যপ্রদেশে ‘ডেল্টা প্লাস’ স্ট্রেনের খোঁজ মিলছে। যদিও বাংলায় এখনও তার হদিস মেলেনি। তবে রাজ্যে নতুন কোনও স্ট্রেন ঢুকেছে কি না সে বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। নদীয়ার কল্যাণীতে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স’-এ যে সব নমুনার জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হচ্ছে, তার রিপোর্ট আরও দ্রুত পাওয়ার প্রস্তাব দিয়েছেন কমিটির সদস্যরা। বর্তমানে এই রিপোর্ট আসতে ১৫ দিন সময় লাগছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে পশ্চিমবাংলায় শিশুদের আক্রান্তের হার ছিলো তিন শতাংশ। তৃতীয় ঢেউয়ে যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

Post a Comment